ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:২০
চলমান বার্তা:
নওগাঁয় মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২১:০৬  (ভিজিটর : )

নওগাঁ শহরে রাতের আঁধারে এক মোটরসাইকেল আরোহীর পথরোধ করে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

আহত আব্দুল ছালেক (৪০) নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ (দক্ষিণ) এলাকার বাসিন্দা এবং নওশেদ প্রামাণিকের ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ পৌরসভার পার-নওগাঁ নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে জব্বারের বালুর স্তূপসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আব্দুল ছালেক জানান, ভোরে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফিফা বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তিনজন অজ্ঞাত যুবক ধারালো হাসুয়া হাতে তার মোটরসাইকেলের গতিরোধ করে।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাদের একজন হাসুয়া দিয়ে আঘাত করলে তিনি ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার ডান হাতে গভীর ক্ষত হয়।

এরপর ছিনতাইকারীরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। পরে তার কাছে থাকা নগদ ৩৫ হাজার ১১৫ টাকা, দুটি মোবাইল ফোন, হাতঘড়ি, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

আব্দুল ছালেকের দাবি, ঘটনার কিছু অংশ পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

এ ঘটনায় তিনি পরিবারের সদস্যদের সহযোগিতায় নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।