শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাব (জিএইউ-এলপিডিসি) আয়োজিত অনুষ্ঠানে তিন মাসব্যাপী বেসিক জাপানি ভাষা ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) প্রস্তুতি কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া কোর্সের প্রশিক্ষক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কোর্সটির প্রথম ব্যাচে প্রাথমিকভাবে নিবন্ধন করা ৩৫ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন কোর্সের পাঠক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া এবং জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক বৃত্তি ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরেন।
এ সময় জিএইউ-এলপিডিসির সহ-সভাপতি সাজ্জাতুল ইসলাম শাওন ক্লাবের কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে আন্তর্জাতিক ভাষা শিক্ষা, সফট স্কিল উন্নয়ন এবং ব্যক্তিত্ব বিকাশমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ বর্তমান বিশ্বে ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান জাপানি ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে কেবল একাডেমিক সাফল্য নয়, আন্তর্জাতিক ভাষা ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। জাপানি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের জন্য নতুন জ্ঞান, গবেষণা, প্রযুক্তি, উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে আরও আন্তর্জাতিকমুখী করে তুলবে এবং শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রতিনিধি/আরএইচ