ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১৭:৩৫
চলমান বার্তা:
মির্জা ফখরুল
জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১৫:৫৩  (ভিজিটর : )

জনগণের ভোটে নির্বাচিত সরকারই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই সভার আয়োজন করে।

স্মরণসভায় বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আজকে অনেকগুলো কথার সম্মুখীন হচ্ছি। আমাদের বিরোধীদল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। আমার কাছে মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্য এ প্রশ্ন তোলা হচ্ছে।’

ঐক্যবদ্ধ আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদে আমরা একসঙ্গে সই করেছি। যেসব দল আমরা আন্দোলন করেছি, সবাই সই করেছি। জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়িত করব, এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

গণভোট ও সংস্কার কমিশন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটা অংশে তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোটে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা কখনই একমত হইনি। সেদিন আমি নিজেই স্টেটমেন্ট দিয়েছিলাম যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার কমিশন আমাদের কনসেন্ট (সম্মতি) ছাড়া এই বিষয়গুলো নিয়ে এসেছে।’

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের বইটা পড়লে দেখবেন, সেখানে প্রতিটি জায়গায় বলা আছে—যে দল নির্বাচিত হবে তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেটা বাস্তবায়িত করবে। আমরা ৩১ দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও কমিটেড। এখানে বিরোধীদল সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) কাকরাইলের আইডিবি ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে এবং গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

বিরোধীদলের এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার এদেশে বিএনপিই এনেছে। একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং প্রেসিডেনশিয়াল ফর্ম অব গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট বিএনপিই এনেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরাই পার্লাামেন্টে সারারাত কাজ করে পাস করেছি।’

সংবিধান নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি যে, আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধান সংস্কারের কথা কখনই বলিনি। জনগণ আমাদের যে ভোট দিয়েছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী টু-থার্ড মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং এখানে বিভ্রান্তির অবকাশ নেই। বিরোধীদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইার্কে ব্যবহার করতে চায়।’

আন্দোলনের পটভূমি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘জুলাইয়ের আন্দোলন শুধু ওই এক মাসের আন্দোলন নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রায় ১৮-১৯ বছর ধরে যে লড়াই হয়েছে, তার ফলশ্রুতি হচ্ছে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন। এই লড়াইয়ে বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম এবং কয়েক হাজার মানুষ খুন হয়েছেন।’

লিবারাল ডেমোক্রেসির (উদারপন্থী গণতন্ত্র) পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিভাজনের রাজনীতি না করে লিবারাল ডেমোক্রেসির দিকে যেতে চাই। ২০২৪-এ ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করে আমরা মুক্ত হয়েছি। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধান এত সহজ বা মুহূর্তের বিষয় নয়, তবে আমাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রমুখ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।