ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২২:৫০
চলমান বার্তা:
যেভাবে আয়োজিত হবে ৩ মহাদেশের ঐতিহাসিক ২০৩০ বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৬:৪১  (ভিজিটর : )

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে বিদায়ঘণ্টা বাজল ২৩তম বিশ্বকাপের। সে সঙ্গে শুরু হলো বিশ্বকাপের পরবর্তী আসরের ক্ষণগণনা। তবে ২০৩০ সালের ২৪তম আসরটি আন্তর্জাতিক ফুটবলের জন্য বেশ বিশেষ- এটি যে বিশ্বকাপের শতবর্ষী আসর।

ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপ হতে যাচ্ছে ২০৩০ আসর। এই প্রথমবারের মতো ৩টি মহাদেশের ৬টি দেশে আয়োজিত হবে ফুটবল মহাযজ্ঞ। মূল আয়োজক হিসেবে থাকছে মরক্কো (আফ্রিকা), পর্তুগাল ও স্পেন (ইউরোপ)।

তবে শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক ও চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে, রানার্সআপ আর্জেন্টিনা। আর দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সদর দপ্তর প্যারাগুয়েতে অবস্থিত। এই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করেই তিন দেশকে এই মর্যাদা দেওয়া হয়েছে।

ফিফার প্রস্তাবিত খসড়া সূচি অনুযায়ী, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে শতবর্ষী উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০৩০ সালের ৮ ও ৯ জুন। এরপর ১৩ ও ১৪ জুন মরক্কো, পর্তুগাল ও স্পেনে অনুষ্ঠিত হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা। ১ মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই। তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা বাকি।

স্বাগতিক দেশের মর্যাদায় সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ৬টি দল- স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। বাকি ৪২টি স্থান নির্ধারণ হবে কঠোর বাছাইপর্ব পেরিয়ে।

পরিকল্পনা অনুযায়ী ২০৩০ আসর ৪৮টি দল নিয়েই অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আসরটিকে স্মরণীয় করে রাখতে দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার একটি প্রস্তাব পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

২০৩০ সালের পর ২০৩৪ সালে বসবে ২৫তম বিশ্বকাপ আসর। এ আসরের একক আয়োজক দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের পরাশক্তি সৌদি আরবকে বেছে নিয়েছে ফিফা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।