ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে এক ধরনের স্থবিরতা তৈরি হয়। তবে পরবর্তী নানা রাজনৈতিক ঘটনাক্রমের পর সেই বরফ গলতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে ভারত।
শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রত্যাশার কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকার ভারতে দুজন নতুন প্রেস কর্মকর্তা পাঠিয়েছে, অতীতে যাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতবিরোধী’ অবস্থান নিতে দেখা গেছে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী?
জবাবে জয়সওয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের বন্ধন দৃঢ় করতে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে একযোগে কাজ করতে আমরা মুখিয়ে আছি।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে ভারত সরকারের কাছে কোনো তথ্য আছে কি না এবং এই সফরের উদ্দেশ্য কী?
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংক্ষেপে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর সংক্রান্ত কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই।
দেশবার্তা/একে