ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২৩
চলমান বার্তা:
‘চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করুন’
নির্বাচন কমিশনকে জামায়াতের আহ্বান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৫:৩৮  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) যেন স্বাধীনভাবে, নিরপেক্ষতার সঙ্গে এবং সব ধরনের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করে- এমন আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির বর্তমান আইনি অবস্থান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের এক শীর্ষ কর্মকর্তার নিয়োগসহ একাধিক বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে দলটি।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি, আপনারা চোখ-কান খুলে দায়িত্ব পালন করুন। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করুন।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাই ভবিষ্যতের নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কমিশনকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। একটি বিশ্বাসযোগ্য নির্বাচনই দেশের গণতান্ত্রিক পরিবেশকে শক্তিশালী করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি এবং দলটির নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরে জামায়াত। গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তাদের দল। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যেসব ব্যক্তিকে বিভিন্ন জনপ্রতিনিধির দায়িত্বে বসানো হয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কেও প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন বলে তারা মনে করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। দলটির পক্ষ থেকে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত রয়েছে, তা পুনর্বিবেচনা করা উচিত। শিক্ষকদের নিরপেক্ষতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নতুন করে মূল্যায়নের দাবি জানানো হয়। 

গোলাম পরওয়ার জানান, নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে।

বৈঠকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি তোলে জামায়াতে ইসলামী। গোলাম পরওয়ারের দাবি, অতীতে তার কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে এবং এ কারণে তার নিয়োগ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সম্পর্কে জনমনে প্রশ্ন সৃষ্টি করতে পারে। এ বিষয়টি পুনর্বিবেচনার জন্যও কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, একটি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে শুধু ভোটগ্রহণের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলেই হবে না; নির্বাচনের আগে ও পরে প্রশাসনিক নিরপেক্ষতা, কর্মকর্তাদের আচরণ এবং কমিশনের প্রতিটি সিদ্ধান্ত জনগণের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। কমিশনের প্রতিটি পদক্ষেপে নিরপেক্ষতার প্রতিফলন ঘটানো জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, বৈঠকে নির্বাচনব্যবস্থার সংস্কার, ভোটারদের আস্থা বৃদ্ধি, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতকরণ এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। দলটির পক্ষ থেকে লিখিত ও মৌখিকভাবে একাধিক সুপারিশ নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে এমন একটি নির্বাচন আয়োজন করবে, যা সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত হবে। একই সঙ্গে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

দেশবার্তা/এসআইএস/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।