জাতীয় সংসদ ভবন এলাকায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ও তা-সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রোববার (২৬ জুলাই) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুলাই অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। ঘটনা বুঝতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেই এগিয়ে যান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করেন এবং মারামারিতে লিপ্ত দুটি পক্ষকে নিবৃত্ত করতে তাদের মাঝখানে দাঁড়িয়ে দূরত্ব সৃষ্টি করেন। পরবর্তীতে তিনি উভয় পক্ষকেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দেন। এছাড়া অবরুদ্ধ সড়ক যান চলাচলের উপযোগী করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি সরাসরি সহযোগিতা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। প্রতিমন্ত্রীর অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানোর এই অপচেষ্টাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন যেকোনো মূল্যে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পেছনে কারও উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দেশবাসীকে যেকোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশবার্তা/একে