বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় উল্লেখ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। তবে আমরা একটা কথা পরিষ্কার বলেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।’
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষ হিসেবে তাদেরও ভুল, অন্যায় ও অপরাধ হতে পারে।
তিনি দেশপ্রেমিক নাগরিকদের উদ্দেশে বলেন, ‘যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা ধরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব ইনশাআল্লাহ।’
দলীয় নেতাকর্মীদের নৈতিকতার প্রশ্নে আপস না করার হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ‘ভেরি কেয়ারফুল!’ নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”
শৃঙ্খলা ও সংশোধনের বিষয়ে ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে, সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তবে সেই মাত্রা যদি গুরুতর হয়, তবে সংগঠনের পক্ষে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকবে না।
তিনি সতর্ক করে বলেন, ‘সেই বার্তা আমিসহ আমাদের সবার জন্য—সচেতন ও সতর্ক থাকার। সাবধান, সবাই সাবধান।’
সম্মেলনে ঢাকা জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও রুকনগণ উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে