দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে। সোনার সঙ্গে সামঞ্জস্য রেখে কমানো হয়েছে রুপার দামও।
তবে দেশের বাজারে সোনার দর কমলেও একই দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য তালিকা অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায়।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।
এদিকে বৈশ্বিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম সামান্য বেড়েছে। দিনের শুরুতে দরপতন হলেও পরবর্তীতে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসায় স্বর্ণের বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা ফিরে আসে।
গ্রিনিচ মান সময় সকাল ৯টা ২৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৫.৩৮ ডলারে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার এর দাম ২ শতাংশ কমে ৪,০৪৭.২৬ ডলারে নেমে এসেছিল।
অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৮.১০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত আসন্ন সিদ্ধান্তই আগামী দিনে বৈশ্বিক স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে।
দেশবার্তা/একে