আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপস্থিত শিশু-কিশোর ও খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি। কিন্তু এই কাজটি আমরা তখনই সফলভাবে করতে পারব, যখন তোমরা- আজকে যারা গ্যালারিতে বসে আছ এবং যারা খেলার মাঠে পুরস্কার পেয়েছ, নিজেদের আগামী দিনের উপযোগী করে গড়ে তুলবে। এখন পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, একইভাবে মন দিয়ে খেলতে হবে।’
শিশুদের ভবিষ্যৎ নেতৃত্বের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘ছোট্ট বন্ধুরা, সঠিকভাবে নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদের গড়ে তুলতে পারো, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে।’
পরিবেশ রক্ষায় ছোট্ট শিশুদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তার কাছে একটি বিশেষ সহযোগিতা চান। তিনি বলেন, ‘এই দেশটা আমাদের সকলের। এই দেশের আলো, বাতাস ও পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে একটি সুন্দর পরিবেশ গড়তে পারব। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিংবা বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ও প্লাস্টিকের বোতল ফেলে যায়। এখন থেকে যদি এমন কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি নিজেরা তুলে নির্দিষ্ট স্থানে ফেলবে।’
পুকুর ও নদী-নালার পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়ে তিনি যোগ করেন, ‘কেউ যদি পুকুর-নদীনালায় ময়লা ফেলে, বন্ধুদের সাথে নিয়ে তা পরিষ্কার করার চেষ্টা করবে। এতে পরিবেশ সুন্দর থাকবে এবং মানুষ সেখানে স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে।’
বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে। শিশুরা পড়ালেখা, খেলাধুলা, গান কিংবা ছবি আঁকা- যে ক্ষেত্রেই নিজেদের বিকশিত করতে চায় না কেন, সরকার তাতে সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমের দায়িত্বশীলদের প্রতি বিশেষ অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমে প্রায়শই নানামুখী রাজনৈতিক ও সামাজিক খবর ‘লিড নিউজ’ হিসেবে প্রাধান্য পায়। তবে শিশু এবং তাদের এই আয়োজনই হলো বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ। তাই সংবাদমাধ্যমে শিশুদের এই উদ্যোগ ও সাফল্যকে অগ্রাধিকার দিয়ে ‘লিড নিউজ’ হিসেবে প্রচার করার আহ্বান জানান তিনি।
এদিকে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে সিলেট অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল। আজ সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
দেশবার্তা/একে