সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করার লক্ষ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) রাশেদ মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, এর আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের সময় চেয়ে সংসদ সচিবালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায় নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার আইনি বিধান রয়েছে। সেই ধারাবাহিকতাতেই ইসি প্রতিনিধিদলটি এই বৈঠকে অংশ নিচ্ছে। সিইসির নেতৃত্বে আয়োজিত এ বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
আইন অনুযায়ী, বর্তমানে সংসদ অধিবেশন না থাকায় স্পিকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোটের তারিখ ঠিক করে সংসদ সদস্যদের বিশেষ সভা আহ্বান করা হবে। ইতোমধ্যে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটার তালিকা প্রস্তুত করতে সংসদ সদস্যদের তালিকা চেয়েছে কমিশন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই শুক্রবার মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধানমতে, স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রশাসনিক ব্যবস্থা বহাল থাকবে।
দেশবার্তা/একে