ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০  (ভিজিটর : )

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের জুলাই সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে, যা বছরের শুরুতে ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। জানুয়ারি ২০২৬-এ এ সংখ্যা ছিল ৩৭। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি সহজ ভ্রমণ গন্তব্য হারিয়েছে।

তবে ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নত হয়েছে। সে সময় বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। নতুন সূচকে বাংলাদেশ ও উত্তর কোরিয়া যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে এবং উভয় দেশের নাগরিকরা ৩৫টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধা পান।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই র‌্যাংকিং তৈরি করা হয়। কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিই এই সূচকের মূল মানদণ্ড।

সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান। এছাড়া ১৪টি দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং শ্রীলঙ্কা, কেনিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিসসহ কয়েকটি দেশে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করা যায়।

দীর্ঘমেয়াদি প্রবণতায় দেখা যায়, গত দুই দশকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান উল্লেখযোগ্যভাবে পিছিয়েছে। ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। পরে ধারাবাহিকভাবে অবনতি হতে হতে ২০২১ সালের জুলাইয়ে তা ১০৮তম স্থানে নেমে যায়, যা এ পর্যন্ত সর্বনিম্ন। এরপর ধীরে ধীরে কিছুটা উন্নতি হলেও ২০২৬ সালের জুলাইয়ে আবারও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ সবচেয়ে এগিয়ে রয়েছে ৫২তম অবস্থানে। 

ভারতের অবস্থান ৮১তম, শ্রীলঙ্কা ৯৪তম, নেপাল ৯৮তম এবং পাকিস্তান ১০১তম স্থানে। তালিকার একেবারে নিচে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধা পান।

দেশবার্তা/আইএসআই/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।