ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২৩:২৩
চলমান বার্তা:
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৬:৩৯  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। দরপতনের সুযোগে বিনিয়োগকারীদের কেনাকাটাও এই ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.২২ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৬ দশমিক ৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৩৭ দশমিক ৩০ ডলারে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকদের মতে, মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৪ হাজার ডলারের স্তরের কাছাকাছি নেমে আসায় অনেক বিনিয়োগকারী স্বর্ণ কেনার সুযোগ হিসেবে বিষয়টি দেখছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে- এমন প্রত্যাশাও স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ফেডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এরপর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। 

বাজারের অধিকাংশ বিশ্লেষক সুদের হার অপরিবর্তিত থাকবে বলে ধারণা করলেও, ২৫ বেসিস পয়েন্ট হার বাড়ানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তারা।

বিশ্লেষকদের ভাষ্য, ফেড যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়, তাহলে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৪১ ডলারে নেমে আসতে পারে। 

বিপরীতে, নীতিগত অবস্থান তুলনামূলক নমনীয় হলে দাম আবার ৪ হাজার ১০০ ডলারের ওপরে উঠতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন আন্তর্জাতিক বাজারে রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে প্লাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমেছে।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।