রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রাফিয়া নামের সাড়ে তিন বছরের শিশুও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা মো. রিপন মিয়া (৪০) এবং মা ইতি বেগম (৩০)। এ নিয়ে একই পরিবারের তিনজনই মারা গেল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সাড়ে তিন বছরের শিশু রাফিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাত সাড়ে ৩টার দিকে মারা গেছে। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে এই শিশুর মা ইতি ও বাবা রিপনের মৃত্যু হয়।
যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে তিন বছর বয়সী শিশু রাফিয়াও। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাফিয়া মারা যায়। তাকে দগ্ধ অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লাগে। আগুনে স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তান দগ্ধ হন। সেদিন রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।