আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপের ১৭তম আসর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এবারের আসর।
২০১৪ সালে এশিয়া কাপ যাত্রা শুরু করা আফগানিস্তান এখন পর্যন্ত একবারও ফাইনালে খেলতে পারেনি। দুইবার সুপার ফোরে উঠলেও সাফল্যের মুকুট তাদের ধরা দেয়নি। এবারের আসরে বড় স্বপ্ন নিয়েই মাঠে নামছে রশিদ খানের দল।
অধিনায়ক রশিদ খান বলেছেন, আমাদের প্রথম লক্ষ্য ফাইনাল খেলা, আর শেষ লক্ষ্য শিরোপা জয়। দলের প্রতিটি খেলোয়াড়ই দায়িত্ব সম্পর্কে সচেতন এবং সেরা পারফরমেন্সের জন্য মুখিয়ে আছে।
সম্প্রতি আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে হেরে এলেও রশিদের মতে, সেই ব্যর্থতা তাদের এশিয়া কাপ অভিযানে প্রভাব ফেলবে না। বরং সেটিই ছিল বিশ্বকাপের জন্য প্রস্তুতির অংশ।
এদিকে, ২০০৪ সালে প্রথম এশিয়া কাপে অংশ নেয় হংকং। এরপর আরও তিনবার (২০০৮, ২০১৮, ২০২২) খেললেও কোনো ম্যাচ জিততে পারেনি তারা। মোট ৮ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে দলটি। তাই এবারের লক্ষ্য—হারের বৃত্ত ভাঙা।
অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো হারের বৃত্ত ভাঙা এবং এশিয়া কাপে প্রথম জয় তুলে নেওয়া। অতীত ইতিহাস বদলে দিতে আমরা প্রস্তুত।
এশিয়া কাপে আফগানিস্তান এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে ৫টিতে, হেরেছে ১০টিতে এবং ১টি হয়েছে টাই। অন্যদিকে, আফগানিস্তান-হংকং টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে ৫ বার। আফগানরা জিতেছে ৩ ম্যাচে, হংকং জিতেছে ২ ম্যাচে।
স্কোয়াড তালিকা
আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ অটল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিব উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।
হংকং : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিশান আলি (উইকেটরক্ষক), শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আংশুমান রাঠ, এহসান খান, কালহান মার্ক, আয়ুশ আশিষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।