বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে—এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।
কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই
ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তবে কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে- এ ধরনের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, কামালকে যে প্রথমে প্রত্যর্পণ করা হবে, এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। অফিসিয়াল কোনো তথ্য নেই।
শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শুরুতেই ভারত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করবে।
গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা।
এর আগে, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।
দেশবার্তা/একে