পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে প্রশাসনিক স্তরে বড় ধরনের রদবদল ও কড়াকড়ি শুরু হয়েছে। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিয়োগ পাওয়া সকল অবসরপ্রাপ্ত আমলা ও কর্মকর্তাদের অফিসে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বুধবার থেকে এই কর্মকর্তারা আর নিজ নিজ দপ্তরে বসতে পারবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা লোকভবন থেকে এই বিশেষ নির্দেশনা জারি করেছেন। প্রতিটি দপ্তরের সচিবদের মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে, নতুন সরকার গঠন ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
এই নির্দেশনার পরপরই বিভিন্ন দপ্তরে উপদেষ্টা হিসেবে কর্মরত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত আমলা ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং তাঁদের জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে নথিপত্র রক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গত মঙ্গলবার মুখ্য সচিব সব দপ্তরকে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। কোনো অবস্থাতেই যেন সরকারি নথি দপ্তরের বাইরে না যায়, সে বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ায় প্রতিটি দপ্তরের আর্থিক উপদেষ্টাদের সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নথির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবারের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে সংকুচিত হয়ে পড়েছে।
আগামী ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
দেশবার্তা/একে