মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই প্রবাসী বাংলাদেশি গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।
দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাঁরা দুজনই বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ভোরে ওই লেবার কোয়ার্টারে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে স্থানীয় উদ্ধারকর্মীরা সাতজন বাংলাদেশি শ্রমিককে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা এখনো সংকটাপন্ন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দেশবার্তা/একে