বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যমে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে। তবে প্রকৃত সত্য হলো, এ বিষয়ে আগের সরকারের নেওয়া অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আইপিএল সম্প্রচারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়েছে তথ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগে ইতোমধ্যে পত্র পাঠানো হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া মতামতের ভিত্তিতেই ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশিত সংবাদের ভিত্তিতে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা দূর করার লক্ষ্যে এই প্রতিবাদলিপিটি জরুরি ভিত্তিতে প্রচার করার জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
দেশবার্তা/একে