ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:০৪
চলমান বার্তা:
নাহিদ ইসলাম
‘আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১৬:০০  (ভিজিটর : )

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদদের রক্ত বৃথা যেতে না দিতে আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো নির্দিষ্ট দল বা জোটের স্বার্থে নয়, বরং বাংলাদেশকে রক্ষা এবং সংস্কারের স্বার্থে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য ‘জুলাই অধিদপ্তর’ ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করলেও বর্তমান সরকারের মধ্যে সেসব কার্যক্রম বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, বর্তমান সরকার মুখে জুলাই যোদ্ধাদের কথা বললেও তারা বাস্তবে অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি কী করছে, তা জনগণ দেখতে চায়।

আন্দোলনের ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, রাজপথে লড়াইয়ের জন্য আমরা আবারো ঐক্যবদ্ধ হচ্ছি। এবার যারা লড়াইয়ে সন্তান বা অঙ্গ হারিয়েছেন, তারা পেছনে থাকবেন; আমরা যারা নেতৃত্বে আছি, তারাই সামনের সারিতে থাকব। গুলি এলে সবার আগে আমাদের বুকে লাগবে।

শহীদদের রক্তের মর্যাদা রক্ষার শপথ নিয়ে তিনি আরও বলেন, দেশি-বিদেশি কোনো পরাশক্তিই এই বিপ্লবের অর্জনকে নস্যাৎ করতে পারবে না। যেকোনো অপশক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ ও প্রয়োজনীয় সংস্কার প্রতিষ্ঠা করা হবেই।

মতবিনিময় সভায় উপস্থিত আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, সবার মধ্যে এখনো আন্দোলনের সেই একই স্পিরিট বিদ্যমান। এই ঐক্যবদ্ধ শক্তিই আগামী দিনে রাজপথে সংস্কার নিশ্চিত করবে। 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানের সংহতি জানানো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।