রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী ‘৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার ঢাকা সেনানিবাসের এই ক্লাব প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএসপিআর।
দেশের গলফ অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে এবার দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৮১৫ জন গলফার প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবারের আসরে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ‘উইনার’ হওয়ার গৌরব অর্জন করেছেন জাদিদ একরাম ইখওয়ান। প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন মো. সাকিব রহমান এবং নারী বিভাগে ‘লেডিস উইনার’ নির্বাচিত হয়েছেন মিয়ংহি কিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ খেলাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে। তিনি এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্পন্সর প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামা এই টুর্নামেন্টটি গলফারদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
দেশবার্তা/একে