জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত
সম্প্রতি বরগুনায় হাসান নাসিম নামের এক ব্যক্তির গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে নিজের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, কেবল ‘হাঙ্গর ও তিমি’ প্রসঙ্গের একটি কার্টুন শেয়ার করার জন্য যদি কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তা অবশ্যই পুনর্বিবেচনার দাবি রাখে।
একইসঙ্গে তিনি ‘ডটকম’ নামধারী বিভিন্ন পোর্টাল ও ফেসবুক পেজের মাধ্যমে চালানো ধারাবাহিক অপপ্রচারে নিজের চরম বিরক্তি ও অতিষ্ঠ হওয়ার কথা জানান।
রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে চিফ হুইপ বলেন, দীর্ঘদিন ধরে ‘বরগুনা প্রতিবাদ’, ‘বরিশাল প্রতিদিন’, ‘বেতাগী প্রতিবাদ’ ও ‘পাথরঘাটা ডট কম’সহ প্রায় ২০টি ফেসবুক আইডি ও পেজ থেকে তাঁর বিরুদ্ধে এবং তাঁর নির্বাচনী এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীদের লক্ষ্য করে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে তাঁকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর মদতে ‘হত্যা পরিকল্পনা’ বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘অনৈতিক লেনদেনে’র মতো ভয়াবহ ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন পরবর্তী সময়েও বর্তমান প্রধানমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য এবং মন্ত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর প্রচারণা অব্যাহত রয়েছে। অতি সম্প্রতি এসব পেজ থেকে পল্লী বিদ্যুতের কর্মকর্তার নাম ব্যবহার করে পাথরঘাটায় বিদ্যুৎ বিভ্রাটের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে বৈরী মনোভাব ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
এসব অপপ্রচারের প্রতিকার চেয়ে তিনি ইতোমধ্যে ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগগত্র
হাসান নাসিমের গ্রেপ্তার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না এবং কারও বিরুদ্ধে মামলাও করিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে থাকে এবং তিনি যদি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে জড়িত থাকেন, তবে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।’
বাকস্বাধীনতা সবার মৌলিক অধিকার হলেও গুজব বা মানহানিকর প্রচারণার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ধরনের ভুয়া পোর্টালগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের কাছে জোরালো অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ।