মার্শাল আর্ট আর বক্সিংয়ের রোমাঞ্চে বুঁদ হয়ে থাকল ঢাকার ক্রীড়াপ্রেমীরা। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) পৃষ্ঠপোষকতায় বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। দেশ-বিদেশের ২৪ জন ফাইটারের ১২টি বাউটে লড়াইয়ে মুখরিত ছিল পুরো অ্যারেনা।
তিনটি ডিসিপ্লিন- মুইয়েথাই, মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ও বক্সিংয়ের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।
গ্যালারিতে বসে এই লড়াই উপভোগ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।
প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা অংশ নেন। দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে বাংলাদেশের ইয়াহসান হাসিন তাঁর স্বদেশী আজিজুল সরকারকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতে নেন। আরেক জমজমাট লড়াইয়ে বাংলাদেশের মোহাম্মদ রাশেদ থাইল্যান্ডের সিংথং সর সিঙইউকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ বেল্ট নিজের করে নেন।
নারীদের বক্সিংয়েও এসেছে সাফল্য। বাংলাদেশের সানজিদা জান্নাত থাইল্যান্ডের পর্নপিমন পংপেওকে হারিয়ে জয়লাভ করেন। অন্যান্য উল্লেখযোগ্য বাউটের মধ্যে বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা ফিলিপাইনের রকি ব্যাকটলকে এবং হোসাইন আহমেদ থাইল্যান্ডের উইরাওয়াত সাপনলাকে পরাজিত করেন। তবে সিঙ্গাপুরের নিক চুয়া ও শন রাফায়েল স্যানি এবং থাইল্যান্ডের নাট্টাওয়াত কাওখানচুম নিজ নিজ বাউটে জয়ী হন।
আয়োজক প্রতিষ্ঠান তানভীর বসুন্ধরা গ্রুপ জানিয়েছে, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এবং দেশের কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করতে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের তরুণ ফাইটারদের জন্য বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ করে দেবে এবং দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে।
দেশবার্তা/একে