নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ দালাল চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর থেকে র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
আটক দালাল চক্রের সদস্য মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের, রাসেলকে ৭ দিনের এবং আম্বিয়াকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আব্দুল মান্নানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১১-এর এএসপি আল মাসুদ খান জানান, হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে দালালরা চিকিৎসার বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ প্রেক্ষিতে র্যাব-১১ হাসপাতাল এলাকায় দালালবিরোধী অভিযান পরিচালনা করে। যাচাই-বাছাই শেষে দুইজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয় এবং একজনকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এ সময় অভিযানে উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কারণে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছেন। র্যাব-১১-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের ৩ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারেন, সে জন্য এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
অভিযানে র্যাব-১১ ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ