পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার বলেছেন, “তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই দেশের সুনাম অক্ষুণ্ন রাখবে। আজ তোমরা এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছ, কিন্তু এই প্রতিষ্ঠানের শিক্ষা, মূল্যবোধ ও স্মৃতি সারাজীবন তোমাদের সঙ্গে থাকবে। তোমরা যেখানে যাবে, এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পশ্চিম খুলশীতে গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমি প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি এস এম পিন্টু বলেন, মানুষ প্রত্যেকেই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মায়। তবে তা সুপ্ত অবস্থায় থাকে। সেই প্রতিভা বিকাশে প্রয়োজন পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাস—এই তিনটি গুণই সফলতার মূল চাবিকাঠি।
তিনি আরও বলেন, “তোমরা আজ যে শ্রেণিকক্ষে বসে আছ, সেখান থেকেই অনেক সফল মানুষের যাত্রা শুরু হয়েছে। তাই নিজেকে ছোট মনে করবে না, বড় স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করবে।”
শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরাই জীবনের প্রকৃত পথপ্রদর্শক। শিক্ষার্থীদের প্রতিটি সাফল্যের পেছনে তাদের শ্রম, ধৈর্য ও ভালোবাসা থাকে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সবসময় বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমি ও উইজডম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মুকিম বিল্লাহ। সভাপতিত্ব করেন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক ফাতেমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক রাসেল খান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সিভিউ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম নাঈম হোসাইন, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নুরুদ্দিন খান সাগর, মাওলানা মাহবুবুর রহমান, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক এম আর আমিন এবং উইজডম একাডেমির প্রধান শিক্ষক মোরশেদা আক্তার বিথী।
সভাপতির বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয় এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। পরে পরীক্ষার্থীদের সাফল্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল আবেগঘন পরিবেশে, যেখানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিনিধি/আরএইচ