হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, ‘এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পর পরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে।’
সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকার সব খাতেই লুটপাট করেছে এবং স্বাস্থ্যখাতে কোনো টাকা রেখে যায়নি। আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেয়া হবে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান কিছু মা স্টাইল করে, আর কিছু মা তাদের কর্মব্যস্ততার কারণে তারা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করায় না। এটা খুবই খারাপ লক্ষণ। ব্রেস্ট ফিডিংয়ের অভাবে আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টি দিন দিন কমে যাচ্ছে। যার কারণে হামের মতো একটি ভয়াবহ রোগ আমাদেরকে বিব্রত করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। অনেক মায়ের বুক খালি করে নিচ্ছে।’
তিনি বলেন, ‘আগামী বাজেটে আপনাদের এমপি ১০০ বেডের হাসপাতাল চেয়েছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি রূপগঞ্জবাসীকে ১০০ বেডের একটি হাসপাতাল উপহার দিয়ে যাব—ইনশাল্লাহ।’
দেশবার্তা/একে