পঞ্চগড়ের বোদা থানা পুলিশ বিশেষ অভিযানে ডলার প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মো. মনজুরুল ইসলাম (৫৪)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বাহাদুরহাট সোনাচালনী গ্রামের মৃত জাবেদ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে এসআই মো. সাগর আলীর নেতৃত্বে বোদা থানা পুলিশের একটি বিশেষ টিম বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের হারামজাদার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ ডলারের ৪৬টি নোট জব্দ করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডলার চক্রের ওই সদস্যকে আটক করা হয়। তিনি দিনাজপুর থেকে এসে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ডলার প্রতারণা করে আসছিলেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।