দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি এবং করপোরেট খাতে অর্থায়নের সক্ষমতা বাড়াতে প্রাইম ব্যাংক পিএলসিকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত একটি কৌশলগত টার্ম লোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, ওপেক ফান্ড এই ঋণ সুবিধা দেবে প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে। ঋণের প্রাথমিক মেয়াদ এক বছর হলেও প্রয়োজন অনুযায়ী তা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যাবে। এই অর্থায়ন প্রাইম ব্যাংকের বাণিজ্য অর্থায়ন পোর্টফোলিওকে শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশীয় ব্যবসাগুলোকে স্থিতিশীলতা দিতে সহায়তা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফা এবং প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফা বলেন, বাংলাদেশে এমএসএমই ও কৃষিভিত্তিক ব্যবসাগুলো কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছে না। প্রাইম ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, যা রপ্তানি বৈচিত্র্য আনতে এবং বেসরকারি খাতকে শক্তিশালী করতে সহায়ক হবে।
তিনি আরও জানান, এই ঋণ ওপেক ফান্ডের দীর্ঘদিনের টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারেরই অংশ।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রহমান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে ওপেক ফান্ডের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিন বছর পর্যন্ত বর্ধিতযোগ্য এই টার্ম লোন আমাদের গ্রাহকদের বাণিজ্য অর্থায়নের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। এটি আমাদের ব্যাংকের সুশাসন ও সক্ষমতার প্রতি আন্তর্জাতিক সংস্থার আস্থার প্রতিফলন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই বৈদেশিক মুদ্রার প্রবাহ দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করবে।
দেশবার্তা/একে