জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ পাঁচ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, পাঁচটি সংশোধিত এবং চারটি মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত প্রকল্প রয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘শহরাঞ্চলের জনগণের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ প্রকল্প অনুমোদন পেয়েছে, যা নগরবাসীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সহায়ক হবে। অর্থ মন্ত্রণালয়ের ‘শুল্ক আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন)’ প্রকল্প রাজস্ব ব্যবস্থার দক্ষতা বাড়াবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধন)’ প্রকল্প প্রাণিসম্পদ খাতে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত চারটি প্রকল্প হলো, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ঝুঁকি হ্রাস (নদীভিত্তিক) প্রকল্প (১ম সংশোধন), চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ (১ম সংশোধিত), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) এবং ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এগুলো হলো- ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক নির্মাণ (২য় পর্যায়), বৈরাগীরপুল (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক (জেড-৮৯১০) উন্নয়ন (১ম সংশোধিত), বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক (এন-১৮০৯) উন্নয়ন (১ম সংশোধিত) এবং বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকী সড়কের ১৪তম কিলোমিটারে গোমা সেতু নির্মাণ (১ম সংশোধিত)।
এসব প্রকল্প দেশের দক্ষিণাঞ্চল ও পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তবে সড়ক খাতের তিনটি প্রকল্প, বৈরাগীরপুল-টুমচর-বাউফল সড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক উন্নয়ন এবং গোমা সেতু নির্মাণ—বারবার মেয়াদ বৃদ্ধি পাওয়ায় এর কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত দুটি প্রকল্প হলো, ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধন)। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
এছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়েছে, যা বিভিন্ন খাতে চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সামগ্রিকভাবে অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
দেশবার্তা/একে