ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
সিঙ্গাপুর সবচেয়ে শক্তিশালী
তিন ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৭তম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১৬:৫০  (ভিজিটর : )

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের মাঝামাঝি সময়ের সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, আর তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
গত মঙ্গলবার প্রকাশিত এই সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে। কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেই সক্ষমতার ভিত্তিতেই পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। যদিও গত বছর এই সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ ভিসামুক্ত গন্তব্য কমলেও অন্যান্য দেশের অবস্থান পরিবর্তনের কারণে বাংলাদেশের সামগ্রিক র‌্যাংকিং তিন ধাপ উন্নীত হয়েছে।
গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, ২০২৪ সালে ৯৭তম এবং ২০২০ সালে ৯৮তম। এরপর ২০২১, ২০২২ ও ২০২৩ সালে দেশটির অবস্থান নেমে যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম হয়েছিল। সর্বশেষ সূচকে আবারও ৯৭তম স্থানে ফিরে এসেছে বাংলাদেশ। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও, যার পাসপোর্টধারীরাও ৩৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।
সূচকের শীর্ষে থাকা সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভ্রমণের সুযোগ পান। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার নাগরিকরা ১৮৭টি দেশে ভিসামুক্ত সুবিধা ভোগ করেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। দেশটির নাগরিকরা ৯৩টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। এরপর রয়েছে ভারত, যার অবস্থান ৮১তম এবং ভিসামুক্ত গন্তব্য ৫৫টি। ভুটান ৮৮তম, মিয়ানমার ৯১তম এবং শ্রীলঙ্কা ৯৪তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে নেপাল (৯৮তম), যার নাগরিকরা ৩৪টি দেশে ভ্রমণ করতে পারেন। পাকিস্তান রয়েছে ১০১তম অবস্থানে, যেখানে ভিসামুক্ত গন্তব্য ২৯টি।

দেশবার্তা/এসআইএস/এসবি

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।