সাতক্ষীরায় এক নারী মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম বিথীকা সাধু (৫০)। তিনি শহরের বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী এবং স্থানীয় মুদি দোকানি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিথীকা সাধুর বউবাজার এলাকায় একটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মতো তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। তবে ওইদিন তিনি নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের প্রায় ১০০ গজ দূরে একটি পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের উৎপাত রয়েছে। নিহতের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। তাদের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যে মাদকসেবীরা তাকে আক্রমণ করে এবং পরিচিত হয়ে পড়ায় তাকে হত্যা করা হতে পারে। দুর্বৃত্তরা ভারী বস্তু দিয়ে তার মাথা ও মুখ থেঁতলে দেয় বলেও অভিযোগ করেন তারা।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাত পর্যন্ত সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছিল।
সাতক্ষীরা সদর থানার এক কর্মকর্তা জানান, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/আরএইচ