পরিচ্ছন্নতা কর্মীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে তাদের জীবনবীমার আওতায় এনেছে লক্ষ্মীপুর পৌরসভা।
১৫ বছর মেয়াদি এক লাখ টাকার জীবনবীমার প্রথম কিস্তি পরিশোধ করেছে পৌরসভা। বাকি কিস্তির অর্ধেক পৌরসভা এবং বাকি অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীরা পরিশোধ করবেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে অর্ধশতাধিক কর্মীর মাঝে প্রিমিয়াম হস্তান্তরের মাধ্যমে এ বীমা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ।
পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, আমাদের বেতন কম, জীবনের নিরাপত্তা নেই। ভবিষ্যৎ নিয়ে ভাবনার সুযোগও নেই। আজ পৌরসভা আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে, তা আমাদের ভবিষ্যতের সম্পদ। এটি আমাদের ছেলে-মেয়েরাও ভোগ করতে পারবে। আমরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, আমাদের বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের বিষয়ে আমাদের ভাবতে হবে। তারা যে বেতন পান, তা খুবই নগণ্য। চাকরি শেষে তারা কিছুই পান না। তাদের ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তিত। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা তাদের জন্য আবাসনের ব্যবস্থা করেছি, যা অচিরেই বাস্তবায়ন হবে। পাশাপাশি, তাদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অর্ধশতাধিক কর্মীকে জীবনবীমার আওতায় এনেছি। তারা তাদের বেতনের সামান্য অংশ জমা দেবেন, যার অর্ধেক পৌরসভা বহন করবে। এভাবে সঞ্চিত অর্থ একসময় বড় অঙ্কে পরিণত হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসবে।
প্রতিনিধি/আরএইচ