ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০:৩৮
চলমান বার্তা:
চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৭:০৭  (ভিজিটর : )
ছবি: আইএসপিআর

ছবি: আইএসপিআর

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলীয় এলাকায় চিকিৎসা শিক্ষার প্রসারে যাত্রা শুরু করল বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজ। 

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত এই মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

আধুনিক অবকাঠামো ও উন্নত প্রশিক্ষণ সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নীতিমালা অনুসরণ করে এরই মধ্যে প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্সের মাধ্যমে এর শিক্ষা কার্যক্রম শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। 

তিনি আশা প্রকাশ করেন, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এই প্রতিষ্ঠানটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

নেভি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের লক্ষ্য হলো এমন একদল চিকিৎসক তৈরি করা, যারা দুর্যোগকালীন চিকিৎসা ও সংক্রামক রোগ ব্যবস্থাপনায় বিশেষ পারদর্শী হবেন। বিশেষ করে উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটরা অগ্রণী ভূমিকা রাখবেন।

প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের জন্য স্থাপন করা হয়েছে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি ও উন্নত শ্রেণিকক্ষ। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও নৌবাহিনীর শৃঙ্খলাপূর্ণ পরিবেশের সমন্বয়ে এই কলেজটি দেশের চিকিৎসা শিক্ষায় মানসম্মত অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক আমন্ত্রিত অতিথি এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।