কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৬ মে) সকালে রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের আয়োজনে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পর্যটকদের মাধ্যমে যেন কাপ্তাই হ্রদ দূষিত না হয়, সে বিষয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। হ্রদের নাব্যতা বজায় রাখতে সময়মতো খনন কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সরকার ইতোমধ্যে সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষক কার্ড দিয়েছে। ভবিষ্যতে মৎস্য আহরণকারীরাও কৃষক কার্ডের আওতায় আসবেন, যার মাধ্যমে তারা ঋণসহ বিভিন্ন সুবিধা পাবেন।
প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। তাই আজ যে পোনা অবমুক্ত করা হচ্ছে, সেগুলো বড় হওয়ার সুযোগ দিতে হবে, যাতে ভবিষ্যতে জেলেরা উপকৃত হতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, দেশের মৎস্য খাতের উন্নয়নে পূর্ববর্তী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে এবং রপ্তানির সুযোগও সম্প্রসারণ করতে হবে। চিংড়ি উৎপাদন বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. ইমাম উদ্দিন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার এম নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন।
এসময় রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, রাঙামাটি মৎস্যজীবী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজ আহমেদসহ জেলে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ এবং কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন।
এ বছর বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখা থেকে আনুমানিক ৬০ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
প্রতিনিধি/আরএইচ