ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৫:০৭  (ভিজিটর : )

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ছয়টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬)। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদির পেশায় হালিম বিক্রেতা। ঘটনার সময় তার স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় টিনশেড বাড়িটির ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ভেঙে যায় এবং আগুনে দগ্ধ হন আব্দুল কাদিরসহ চারজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে কোনোভাবে আগুনের স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।