ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে পরিচালনাকারী প্রতিষ্ঠান বা অপারেটর নিয়োগের চুক্তি এবং আনুষঙ্গিক প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে সীমিত পরিসরে আংশিক কার্যক্রম শুরু করা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার (২০ জুলাই) বিকেলে বেবিচক কার্যালয়ের অডিটোরিয়ামে ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনালের মূল অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে প্রকল্পের অধীনে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ কার্যক্রমও শুরু হয়ে গেছে। ফলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই টার্মিনালটি সচল করতে চায় সরকার।
তবে অপারেটর নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি কোম্পানিগুলোর একটি কনসোর্টিয়ামের থাকার কথা রয়েছে। তাদের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক হলেও চূড়ান্ত চুক্তি এখনো বকেয়া রয়ে গেছে।
মোস্তফা মাহমুদ সিদ্দিক আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন হতে পারে। যদি চুক্তি স্বাক্ষর ও প্রয়োজনীয় প্রস্তুতি নির্ধারিত সময়ে শেষ হয়, তবে ডিসেম্বর থেকেই টার্মিনালটি আংশিকভাবে চালুর পরিকল্পনা রয়েছে।
দেশবার্তা/একে