আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা ও পরিবেশগত স্বস্তি বজায় রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর আবাসিক এলাকার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত সড়ক নির্মাণে সম্মতি দেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। স্পর্শকাতর জঙ্গল সলিমপুরের সংযোগ সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে না নিয়ে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় প্লট মালিকদের সঙ্গে এক মতবিনিময় শেষে সেনাবাহিনীর প্রতিনিধিদের সাথে প্রস্তাবিত স্থানগুলো সরজমিনে পরিদর্শনের সময় এ কথা জানান সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
সড়ক নির্মাণের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে সিডিএ চেয়ারম্যান জানান, মূল আবাসিক এলাকা অক্ষুণ্ন রেখে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে। তবে সেখানে কোনো স্থায়ী সড়ক নির্মাণ সমীচীন হবে না।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, জঙ্গল সলিমপুরের সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের সুযোগ নেই। প্লট মালিকদের পরামর্শ অনুযায়ী সেনাবাহিনীকে বিকল্প রুট দেখিয়ে দেওয়া হয়েছে। বিকল্প পথের সম্ভাব্য ব্যয় নির্ধারণের পর সেনাবাহিনী সিডিএকে পরবর্তী অগ্রগতির তথ্য জানাবে।
পরিদর্শনকালে জঙ্গল সলিমপুর এলাকার দীর্ঘদিনের পানি ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন সিডিএ প্রধান। তিনি জানান, দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
এলাকাটিতে গ্যাস ও পানিসহ নাগরিকদের মৌলিক ভোগান্তি নিরসনে পর্যায়ক্রমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
প্রতিনিধি/একে