ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে
জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে ড্রেন নির্মাণ শুরু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৭:৪১  (ভিজিটর : )

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়ার নয়নপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার দক্ষিণ ধনুয়ার নয়নপুর হানু মার্কেট থেকে ডেকো গার্মেন্টস পর্যন্ত প্রায় এক হাজার ফুট ড্রেন নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

স্থানীয়দের এ ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ডেকো গার্মেন্টস, মেঘনা গ্রুপসহ অন্তত ১০ থেকে ১২টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার পর থেকে এলাকায় প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়ে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়ক ও আশপাশের বসতবাড়িতে পানি জমে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। 

দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যার সমাধানের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ না আসায় এলাকাবাসী নিজেরাই অর্থ সংগ্রহ করে ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেন।

বর্তমানে সরকারি উদ্যোগে মাওনা-ধনুয়া আঞ্চলিক সড়কের সংস্কারকাজ চলমান রয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা, সড়কের ঢালাই শেষ হয়ে গেলে পরে ড্রেন নির্মাণ করা কঠিন হয়ে পড়বে। এ কারণে ৪০ থেকে ৪৫টি পরিবারের আর্থিক সহযোগিতায় এখনই ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় জনস্বার্থেই সবাই মিলে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আরিফুল ইসলাম সরকার বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়ক সংস্কারের কাজ চলমান থাকায় এখনই ড্রেন নির্মাণের উপযুক্ত সময়। এলাকাবাসীর এই উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত প্রশংসনীয়।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, এলাকাটি পরিদর্শন করে দেখা গেছে, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত জরুরি। তবে কাজ শুরুর আগে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হলে আরও ভালো হতো। এলাকাবাসীকে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি ও শিল্পপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে ভবিষ্যতে এলাকায় একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।