বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (এনআইওএইচসি) ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
সোমবার চট্টগ্রামে তিন দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, ন্যাশনাল হাইড্রোগ্রাফার বাংলাদেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কর্মকাণ্ডের সমন্বয় সাধন ও জবাবদিহিমূলক কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। এ ধরনের উদ্যোগ বাণিজ্যিক ও অন্যান্য সমুদ্রগামী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে। সেই সঙ্গে সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও এনআইওএইচসি-র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।
অনুষ্ঠানে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (আইএইচও) পরিচালকসহ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ সহায়তা বিষয়েও বিস্তারিত আলোচনা হবে।
২০০২ সালে প্রতিষ্ঠিত ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে কাজ করে।
এবারের সম্মেলনে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এছাড়া সহযোগী ও পর্যবেক্ষক হিসেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা যোগ দিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এই কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।
দেশবার্তা/একে