ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১৭:৪৪
চলমান বার্তা:
ফুলবাড়ীতে দুইটি ট্রেনের যাত্রাবিরতিসহ ৮ দাবিতে মানববন্ধন
১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধের আল্টিমেটাম
অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১৬:১৪ আপডেট: ১৫.০৫.২০২৬ ১৬:২৬  (ভিজিটর : )

ফুলবাড়ী রেলস্টেশনে আন্তঃনগর পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, স্টেশন আধুনিকায়ন, প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

“ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ” ব্যানারে শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফুলবাড়ী রেলস্টেশন প্ল্যাটফর্ম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবির সমর্থনে বক্তব্য দেন ফুলবাড়ী শাখা তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুর ইসলাম জুয়েল, দিনাজপুর জেলা শাখা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী শাখা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু, ফুলবাড়ী শাখা বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর সভাপতি মো. রবিউল ইসলাম, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. মানিক মণ্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক শ্রমিক নেতা মো. হামিদুল হক, মো. মোতালেব হোসেন মহররম, শিহাব হোসেন ও সাকিরুল ইসলাম প্রমুখ।

৮ দফা দাবির মধ্যে রয়েছে- ফুলবাড়ী রেলস্টেশনের আধুনিক ও দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণ, প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও আধুনিকায়ন, যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য পর্যাপ্ত আলো, ফুটওভার ব্রিজ ও বসার ব্যবস্থা নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত অফিস কক্ষ নির্মাণ, বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা, আধুনিক টিকিটিং ব্যবস্থা ও ডিজিটাল তথ্যসেবা চালু এবং ভবিষ্যতে ফুলবাড়ী রেলস্টেশনকে উত্তরাঞ্চলের পূর্ণাঙ্গ আঞ্চলিক রেল হাবে উন্নীত করা।

বক্তারা বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রী বরাবর ৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করা হবে। স্মারকলিপি দেওয়ার ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অর্ধদিবস রেলপথ অবরোধ ও ফুলবাড়ী রেলস্টেশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

বক্তারা আরও বলেন, ফুলবাড়ী রেলস্টেশনের বর্তমান ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন হাজারো যাত্রী এ স্টেশন ব্যবহার করলেও আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত নতুন ভবন নির্মাণ ও স্টেশন আধুনিকায়নের দাবি জানান তারা।

স্থানীয়রা জানান, ফুলবাড়ী উপজেলা সদরসংলগ্ন বড়পুকুরিয়া কয়লাখনি, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া পাথরখনি, স্বপ্নপুরী পিকনিক কর্নার, বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর, প্রাণ-আরএফএল কোম্পানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার এ রেলস্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এছাড়া দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ স্টেশন ব্যবহার করেন। পার্শ্ববর্তী পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার অনেক মানুষও ফুলবাড়ী রেলস্টেশন দিয়েই যাতায়াত করেন।

এদিকে আসনসংখ্যা কম থাকায় যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। একই সঙ্গে ব্রিটিশ আমলের এ স্টেশনে এখনো পর্যাপ্ত প্ল্যাটফর্ম, আধুনিক ভবন ও শেড না থাকায় বর্ষাকালে যাত্রীদের বৃষ্টিতে ভিজেই ট্রেনে ওঠানামা করতে হয়।

ফুলবাড়ী স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশন দিয়ে ডাউনে ১১টি এবং আপে ১১টি আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে। এর মধ্যে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। বর্তমানে যেসব ট্রেন স্টেশনে দাঁড়ায়, সেগুলো থেকে প্রতি মাসে প্রায় ৪৫ লাখ টাকা রাজস্ব আয় হয়, যা বছরে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকায় দাঁড়ায়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg