প্লাস্টিক ডেবিট বা ক্রেডিট কার্ডকে মেটালে রূপান্তর করার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে কিছু অননুমোদিত প্রতিষ্ঠান। এতে চরম আর্থিক ঝুঁকির মুখে পড়ছেন গ্রাহকেরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করে একটি জরুরি বার্তা দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করার প্রলোভন দিচ্ছে। এই প্রক্রিয়ার সুযোগ নিয়ে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কার্ড নম্বর, কার্ডের মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভিসহ (CVV) অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় তথ্য সংগ্রহ করছে।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত নয়।
এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে বড় ধরনের জালিয়াতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা, গ্রাহকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং বড় অঙ্কের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। সামগ্রিকভাবে এটি দেশের পুরো কার্ড ব্যবস্থাপনার জন্যই ঝুঁকি বাড়িয়ে তুলছে।
এমন পরিস্থিতিতে অননুমোদিত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ড সংক্রান্ত তথ্য প্রদান করা এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করার মতো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সব গ্রাহককে বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক। কার্ড সংক্রান্ত যেকোনো প্রয়োজনে কেবল সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল বা শাখা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকসমূহের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই ব্যাংকের ওটিপি (OTP) কিংবা কার্ডের কোনো তথ্য অন্য কারও সাথে শেয়ার করা যাবে না।
পাশাপাশি যেকোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে বিলম্ব না করে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশবার্তা/একে