ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১৮:৪৫
চলমান বার্তা:
ব্যাডমিন্টনের সমস্যা সমাধান ও বিদেশি কোচ আনার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১৭:৩৩  (ভিজিটর : )
ছবি: পিআইডি

ছবি: পিআইডি

জাতীয় পুরুষ ফুটবল দলে বিদেশি কোচ নিয়োগের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই দেশের ব্যাডমিন্টনের মান বাড়াতে দুই বছরের জন্য বিদেশি কোচ আনার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

শুক্রবার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

শীতকালে দেশের অলিগলিতে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। দেশের অন্যতম জনপ্রিয় এই খেলার জাতীয় পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা হলেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য একেবারেই নামমাত্র। দীর্ঘমেয়াদি অনুশীলন, ভালো মানের কোচ ও দেশের বাইরে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ কম থাকায় ব্যাডমিন্টন অনেকটাই পিছিয়ে রয়েছে। 

এই প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সব খেলাকেই সমান গুরুত্ব দিচ্ছে। ব্যাডমিন্টনের উন্নয়নের জন্য ভালো মানের কোচ দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া প্রয়োজন। এজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।’

প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ইনডোর স্টেডিয়ামে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন প্রতিমন্ত্রী। এ সময় স্টেডিয়ামের দুর্বল শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার কারণে তাকে বেশ ঘামতে দেখা যায়। নিজে ভুক্তভোগী হয়ে ভেন্যুর এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে স্টেডিয়ামের বৈদ্যুতিক গোলযোগের কথাও জানতে পারেন আমিনুল হক। 

বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এসি ও বিদ্যুতের যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

দেশের ক্রীড়া অবকাঠামোর আমূল পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোতে থাকবে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা।

উল্লেখ্য, ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়মিত হলেও ঐতিহ্যবাহী এই লিগটি বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথম বিভাগ লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য ও সংসদ সদস্য কামরুজ্জামান রতন, অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg