ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৭:৪০
চলমান বার্তা:
নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করবে ফিটনেস ও পারফরম্যান্স: আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৪:৩৩  (ভিজিটর : )

আগামী সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। পুরো ফুটবল বিশ্বের নজর এখন রিও ডি জেনেইরোর দিকে—ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার কি থাকছেন এই দলে? ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরে দীর্ঘদিনের চোট ও সান্তোসে ফেরার পর ফর্মহীনতা নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বস। 

মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন, আবেগ নয়, বরং নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সই হবে দল নির্বাচনের মূল মাপকাঠি।

রিও ডি জেনেইরোতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে দেওয়া এই সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমার এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তিনি বারবার নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। তবে এটিও ঠিক যে তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন এবং ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। সম্প্রতি তার খেলায় অনেক উন্নতি হয়েছে এবং তিনি নিয়মিত খেলছেন। তাই সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়; আমাদের সুবিধা ও অসুবিধাগুলো খুব সতর্কভাবে বিবেচনা করতে হবে।’

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ ও রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই কোচকে এখন নেইমারকে ঘিরে বাস্তবতা ও আবেগের মধ্যে ভারসাম্য খুঁজতে হচ্ছে। দলের অধিকাংশ খেলোয়াড় নেইমারকে দলে রাখার পক্ষে মত দিলেও সমর্থকদের মধ্যে রয়েছে বিভক্তি। নেইমারের বর্তমান শারীরিক গতি আধুনিক ফুটবলের উচ্চ তীব্রতার সঙ্গে তাল মেলাতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই।

বাস্তবতা মেনে নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি জানি নেইমার সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের কাছেও খুব প্রিয়। ড্রেসিংরুমে তাকে নিয়ে ইতিবাচক পরিবেশ রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাইরের পরিবেশ বা গণমাধ্যম কী বলছে, তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। খেলোয়াড়রা তাদের মতামত দিয়েছেন, আমি সেটির প্রশংসা করি। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটি শুধুই আমার।’

আনচেলত্তির ফুটবল দর্শনে চার ফরোয়ার্ডের কাছ থেকে নিরবচ্ছিন্ন দৌড়, প্রেসিং এবং রক্ষণাত্মক সহায়তা প্রত্যাশা করা হয়। নিয়মিত খেলার বাইরে থাকা নেইমারের জন্য যা বড় চ্যালেঞ্জ। তবে আশার কথা শুনিয়ে আনচেলত্তি বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে নেইমারের ফিটনেস অনেক উন্নত হয়েছে। তিনি উচ্চ তীব্রতা ধরে রাখতে পারছেন। তবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এক রকম নয়।’

নেইমারকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনো মহলের চাপ রয়েছে কি না, এমন প্রশ্নে আনচেলত্তি স্পষ্ট করে বলেন, ‘নেইমারকে দলে নেওয়ার জন্য কেউ আমাকে চাপ দেয়নি। আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সিদ্ধান্ত হবে শতভাগ পেশাদারিত্বের ভিত্তিতে। আমি শুধু ফুটবলার হিসেবে তার বর্তমান পারফরম্যান্স বিবেচনা করব, অন্য কিছু নয়।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg