কুমিল্লার চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মাতৃভূমি মডেল দাখিল মাদরাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকাল থেকে চান্দিনা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তিতে স্কুল থেকে ১৪ জন এবং মাদরাসা থেকে ৯ জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া ওয়েলফেয়ার বৃত্তি পেয়েছে ৮১ জন এবং মাতৃভূমি বৃত্তি অর্জন করেছে ২২৭ জন শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, “বর্তমানে শিক্ষার্থীরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ক্লাস ও প্রাইভেট পড়ার চাপে থাকে। অনেক অভিভাবক সন্তানদের একইসঙ্গে স্কুল ও মাদরাসায় পড়ান, যা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানদের খেলাধুলার সুযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, “চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি হওয়ার পর সেখানে মেয়েদের ভর্তি কার্যক্রম চালু হওয়ায় অনেক ছেলে শিক্ষার্থী বাধ্য হয়ে আশপাশের বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এতে তাদের ঝুঁকিপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে হয়। গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনায় চারজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, যার দায় আমরা এড়াতে পারি না।”
মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাছান, অধ্যাপক আবুল খায়ের, মাওলানা মিজানুর রহমান ও মো. ফজলুল ছাত্তারসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাতৃভূমি বৃত্তি প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল ভূঁইয়া।
প্রতিনিধি/আরএইচ