রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। নিহতের নাম রিয়াদ রশিদ (২৮)। তিনি জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নিহত রিয়াদের পরিবার জানায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মৃত্যুর খবরটি জানান। ওই বার্তায় বলা হয়, গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক নিহত হন। একই ঘটনায় আরও তিনজন আহত হন।
পরিবার সূত্রে জানা গেছে, রিয়াদ গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। ওই হামলায় তার বন্ধু লিমন দত্তও আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে দাবি করা হয়েছে।
রিয়াদের পিতা, জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ জানান, পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে মেসেঞ্জারে অনলাইনে দেখা গিয়েছিল।
নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম বলেন, ‘রিয়াদ গত বছরের অক্টোবরে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান। পরে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন- এটি আমরা জানতাম না।’
এদিকে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে সরকারি কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
প্রতিনিধি/এসআইএস