সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতাদের সহযোগিতা ছাড়া সরকার সফল হতে পারবে না।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বৈঠকে দলের তৃণমূলের নেতাদের এই বার্তা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব। আমরা বলেছিলাম, আমরা একটি দেশ তৈরি করতে চাই, যে দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, যেখানে নারী-পুরুষ-শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে।
তিনি বলেন, আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যেমন গুম-খুনের শিকার হচ্ছে, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা বিতর্ক করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
বিএনপি চেয়ারম্যান বলেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কী সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন করা।
তিনি বলেন, মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনি ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহার। নির্বাচন হয়ে যাওয়ার পরে, বিশেষ করে আমরা (বিএনপি) সরকার গঠন করার পরে সেটি সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। কাজেই ইশতেহারে আমরা যা যা বলেছি, তা বাস্তবায়ন করার জন্য এখন সর্বশক্তি দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে।
উপস্থিত নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপি যদি সহযোগিতা না করে, অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না। আর বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা যাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের সঙ্গে নিয়ে সরকারের পেছনে এসে দাঁড়ান।
তিনি আরও বলেন, এর বাইরে হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। সেজন্য উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন।
এদিকে সরকারের নীতি ও কাজের সঙ্গে দলের নেতাদের সেতুবন্ধন মজবুত করতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, ওয়াকিমুল ইসলাম নামের এক বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় প্রযুক্তি ও অদম্য ইচ্ছাশক্তির অনন্য উদাহরণ গড়ে তোলায় ওয়াকিমুলের প্রশংসাও করেন তিনি।
দেশবার্তা/একে