গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সরকারি ক্রয়, ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১৪ মে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে এবং পরিচালক (ছাত্রকল্যাণ) ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।
প্রশিক্ষণে সরকারি ক্রয় ব্যবস্থাপনা, আর্থিক শুদ্ধাচার এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর সিনিয়র প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ও ইউজিসির আইএসটিপিএ প্রকল্পের কর্মকর্তা মো. আব্দুল আজিজ এবং ইউজিসি হিইট প্রকল্পের সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. মনসুরুজ্জামান খান।
অংশগ্রহণকারীরা পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০২৫ ও ২০০৬-এর গুরুত্বপূর্ণ পরিবর্তন, উন্মুক্ত দরপত্র পদ্ধতি, সরাসরি ক্রয়, রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ), ই-জিপি কার্যক্রম, নিবন্ধন প্রক্রিয়া, বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) প্রণয়ন এবং টেন্ডার মূল্যায়নসহ সরকারি ক্রয় ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। পাশাপাশি ট্যাক্স ও ভ্যাট কর্তন, আর্থিক জবাবদিহিতা এবং সুশাসনভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের প্রতিটি সেশনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা বিষয়ক বই বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। ই-জিপি, ট্যাক্স ও ভ্যাট বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা ও গবেষণায় নয়, প্রশাসনিক আধুনিকায়ন ও দক্ষতা উন্নয়নেও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায়।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও নিয়মিত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিনিধি/আরএইচ