টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা, উদ্ভাবন ও সম্পূর্ণ শরী‘আহ ভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের অঙ্গীকারকে সামনে রেখে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এনসিসি ব্যাংক।
রোববার (১৭ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এই উৎসবের সূচনা করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় ব্যাংকের অগ্রগতি, আধুনিক রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলীসহ পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হন।
অনুষ্ঠানে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ১৯৯৩ সালের ১৭ মে প্রতিষ্ঠার পর থেকেই এনসিসি ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত ৩৩ বছরে সুশাসন ও গ্রাহকের আস্থার গুণে ব্যাংকটি দেশের অন্যতম নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যেই দেশে ৪টি পূর্ণাঙ্গ ইসলামী শাখা ও ৩২টি ইসলামী উইন্ডো চালু করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী চার বছরে এনসিসি ব্যাংক ধীরে ধীরে সম্পূর্ণ শরী‘আহভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরিত হবে।
গ্রাহকদের নির্বিঘ্ন সেবা দিতে এআই ভিত্তিক ব্যাংকিং, বাংলা কিউআর পেমেন্ট ও ভার্চুয়াল কার্ডের পরিধি বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানের শেষভাগে ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল ইসলাম বারাকাতী ব্যাংকের সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক পরিবেশের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বেশ কিছু কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি হাতে নিয়েছে।
দেশবার্তা/একে