ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নাটোরে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় নাটোর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি ডেঙ্গু সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সরকার এবং জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক মো. আরিফ হোসেন, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি ধীরেন্দ্রনাথ, নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামাল উদ্দিন এবং ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির নাটোর প্রতিনিধি কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধি/আরএইচ