বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন ভারতীয় অভিনেত্রী কোয়েল মল্লিক। অবশেষে সেই জল্পনা সত্যি করে বৃহস্পতিবার (১১ জুন) পদত্যাগ করলেন এই টলিউড অভিনেত্রী।
এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকরা একে একে নিজেদের পদত্যাগপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কোয়েল মল্লিক। তিনি রাজ্যসভার সংসদ সদস্য পদ ছাড়লেন।
কোয়েল মল্লিক পদত্যাগ করার ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়িয়েছে ৯ জনে। রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন সংসদ সদস্য পদত্যাগ করতে পারেন।
শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন, অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা- এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।
গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। সেই তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামী ছাড়াও চমক হিসেবে ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম। পরে এপ্রিল মাসে দিল্লিতে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে গিয়েছিলেন এই অভিনেত্রী।
তবে রাজনীতিতে যোগ দেওয়ার অল্পদিনের মাথাতেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের সাম্প্রতিক ভরাডুবির কারণেই রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল। আর এই পদত্যাগের মধ্য দিয়ে তৃণমূলের সঙ্গে নিজের দূরত্ব বাড়ালেন এই টলিউড তারকা।
দেশবার্তা/একে